মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ২০০৬ সালের মতো নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

২০০৬ সালের মতো নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

favicon
ভোরের আলো ডেস্ক:
২০০৬ সালের মতো নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

বিগত ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বিএনপি নতুন একটি ফর্মুলা সামনে আনতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ক্ষেত্রে দলটি প্রতারণামূলক নতুন ব্যবস্থার আশ্রয় নিতে পারে এবং ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে বলেও অভিযোগ করেছেন তিনি।


রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।


তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ব্যাংক খাতে প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছিল, বর্তমান বিএনপি সরকারও একইভাবে ব্যাংক খাতকে অলিগার্ক ও প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পথে হাঁটছে।


হাসনাত বলেন, ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে সরকার বাতিল করতে বাধ্য হয়েছে। এ ছাড়া দুর্বল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাবের বিষয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন তাঁরা।


তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হলে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কাও রয়েছে।


বেসরকারি খাতে ঋণপ্রবাহ রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন হাসনাত। তাঁর মতে, ঋণখেলাপিরা যাতে নতুন করে ঋণ নিতে না পারেন, সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।


গণভোটের প্রশ্নেও বিএনপির অবস্থানের সমালোচনা করেন তিনি। হাসনাতের অভিযোগ, গণভোট নিয়ে দলটির দ্বিমুখী অবস্থানের কারণে জনগণের আস্থা কমেছে। এ ছাড়া বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ব্যঙ্গ করে ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও অভিহিত করেন তিনি।


এদিকে, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুল আলম মিলন জানান, বিরোধী দলের প্রস্তাবগুলো অর্থমন্ত্রী ও সরকার ইতিবাচকভাবে নিয়েছে। পরবর্তী বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।


জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ভিন্নমতসহ সনদে সরকারের অবস্থান ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে উপস্থাপন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছেন উল্লেখ করে সাইফুল আলম মিলন বলেন, যারা ওই দলিলে স্বাক্ষর করেছেন, তাঁরাই যদি একে প্রতারণা বলেন, তাহলে বিষয়টি জনগণ বিবেচনা করবেন। তিনি এ নিয়ে অর্থহীন বিতর্কে জড়াতে চান না বলেও জানান।