আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
সফরকালে স্পিকার আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের বৈঠকে সংস্থাটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, আইপিইউ সম্মেলনের বিভিন্ন কার্যক্রম ও নির্ধারিত বৈঠক শেষ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।