রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা, শাস্তির দাবি এনসিপির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) রাতে এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে অবস্থান নেন বলে দাবি করে এনসিপি।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম আহত হন। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানানো হয়।
আহত সাংবাদিকদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এনসিপির দাবি, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিবৃতিতে এনসিপি আরও বলেছে, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চা ও মতপ্রকাশের জায়গায় সশস্ত্র মহড়া এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসে গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায় রয়েছে বলে দলটি মন্তব্য করেছে।
এনসিপির পক্ষ থেকে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে কাজ ও চলাচলের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।