মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত কুষ্টিয়া ছাড়লেন, প্রশ্ন রাশেদের

পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত কুষ্টিয়া ছাড়লেন, প্রশ্ন রাশেদের

favicon
ভোরের আলো ডেস্ক:
পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত কুষ্টিয়া ছাড়লেন, প্রশ্ন রাশেদের

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, পুলিশের নিরাপত্তায় কিছুদূর যাওয়ার পর পাটওয়ারী গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।


রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন রাশেদ খাঁন।


তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগের দিন থেকেই কুষ্টিয়ায় ছিলেন এবং জেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন। এ সময় বিএনপি বা দলটির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে তাঁর কোনো ধরনের ঝামেলা হয়নি। পরে রাতে পাটওয়ারী এনসিপির নেতাকর্মীদের সঙ্গে লালন শাহের মাজারে যান।


রাশেদ খাঁনের ভাষ্য, মাজারে অবস্থানরত কয়েকজনের সঙ্গে পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা এনসিপির নেতাকর্মীদের কিছু সময় কাটে। সেখান থেকে ফেরার সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।


রাশেদ খাঁন আরও বলেন, তিনি এ বিষয়ে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কারও কাছেই বিষয়টি আগে থেকে জানা ছিল না। এমনকি নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে যাওয়ার বিষয়টিও প্রশাসনকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।


তিনি প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক নেতা প্রশাসনকে অবহিত না করে এভাবে বিভিন্ন স্থানে চলাফেরা করতে পারেন কি না।


রাশেদ খাঁনের দাবি, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী কিছুটা পথ পুলিশের নিরাপত্তায় যাওয়ার পর গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁর ভাষায়, কুষ্টিয়ার ঘটনায় পাটওয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন, তা নিয়ে একধরনের সন্দেহ থেকেই যায়।