বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে: মিয়া গোলাম পরওয়ার

জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে: মিয়া গোলাম পরওয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে প্রতিরোধ গড়ে তোলা হবে: মিয়া গোলাম পরওয়ার

জনস্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে অন্ধ বিরোধিতার পথ এড়িয়ে বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বাটেক্সপো) প্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "গতানুগতিক বিরোধী দলের মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা করব না। বরং জনগণের স্বার্থ রক্ষা করে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করে যাব।" তবে সরকারের কোনো সিদ্ধান্ত যদি সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে যায়, তবে সেখানে ছাড় না দিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় বাটেক্সপো নেতৃবৃন্দ দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, বিদ্যমান নানা সংকট ও তাদের সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা ব্যবসায়ীদের সকল দাবিসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধানের আশ্বস্ত করেন।