বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩

সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদির দুই বিমানবন্দরে হামলা, আহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দর দুটির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।


সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।


কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেয়। যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখতে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সরকারি বিবৃতিতে হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করা হয়নি। তবে এর আগে সোমবার হুথিরা জাজান ও নাজরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সৌদি আরবের একাধিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।


হুথিরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে অবস্থিত সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে।


অন্যদিকে, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগও করেছে।


গত কয়েক দিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ সময় সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির দিকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।


সূত্র: আনাদোলু এজেন্সি।