ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিয়ে সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে হলে তেহরানকে এ বিষয়ে অর্থবহ পদক্ষেপ নিতে হবে।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না চায়, তাহলে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার প্রয়োজন কেন—এ প্রশ্নের উত্তর দিতে হবে তেহরানকে।
তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন এখনো আগ্রহী। তবে এ ক্ষেত্রে শুধু কথার বিনিময়ে নয়, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট ছাড় দেখতে চায় যুক্তরাষ্ট্র।
ভ্যান্স বলেন, ‘আমরা পদক্ষেপের বিনিময়ে শুধু কথার আদান-প্রদান করব না।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে ইরানের ক্ষমতার কাঠামোয় তারা আসলে কতটা কর্তৃত্ব রাখেন, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।
ভ্যান্স বলেন, ইরানে কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তা পুরোপুরি পরিষ্কার নয়। দেশটির ক্ষমতার কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়েছে বলেও জানান তিনি।