আকাশবাণী ভবনে প্রবেশের অভিযোগে রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর
নির্বাচন কমিশনকে ঘিরে ভারতে সরকার ও বিরোধীদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এর আগে মঙ্গলবার কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের নেতারা নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করেন। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
পরে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালনের পর রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিসহ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে বিজেপির অভিযোগ, রাহুল গান্ধি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রকে পুলিশ হেফাজতে নেয়। এ সময় বিরোধী জোটের আরও কয়েকজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীকেও আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।