হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণের পাশাপাশি জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
এদিকে, বুধবার পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি বিদ্যমান ব্যবস্থাগুলোরও উন্নয়ন করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশি ঝুঁকির মুখে পড়েছে এবং নৌমাইনে আঘাত পেয়েছে।
ইরান জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধের অবসান।
এদিকে, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান।