বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › তৃণমূল ছাড়তে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ পেয়েছিলেন শুভেন্দু

তৃণমূল ছাড়তে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ পেয়েছিলেন শুভেন্দু

favicon
ভোরের আলো ডেস্ক:
তৃণমূল ছাড়তে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ পেয়েছিলেন শুভেন্দু

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার দলবদল ঘিরে তখন রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয়। ওই নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে না পারলেও শুভেন্দু বিরোধীদলীয় নেতা হন। সম্প্রতি নিজের দলবদলের পেছনের কারণ জানাতে গিয়ে তিনি দাবি করেছেন, তৃণমূল ছাড়ার অন্যতম অনুপ্রেরণা ছিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান শুভেন্দু অধিকারী।


শুভেন্দুর দাবি, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালে রাইসিনা হিলসে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখনো তৃণমূলের রাজনীতিতে যুক্ত ছিলেন শুভেন্দু। ওই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব তাকে তৃণমূল ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন।


শুভেন্দুর ভাষ্য অনুযায়ী, প্রণব মুখোপাধ্যায় তাকে বলেছিলেন, ‘এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।’


নিজের সাবেক দল তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, ‘ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।’


২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই সময় পুরোটা শুভেন্দু অধিকারী তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হওয়ার পাশাপাশি দলেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।


২০২০ সালের ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার দলবদলের কিছুদিন আগেই মারা যান প্রণব মুখোপাধ্যায়। ফলে ঠিক কখন প্রণব তাকে তৃণমূল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন, তা স্পষ্ট নয়।


এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি শুভেন্দু। তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি বেশি বলব না। উনি আমাদের মধ্যে এখন নেই। এটা নিয়ে বিতর্ক হবে। উনি আমার অভিভাবক ছিলেন, পরামর্শদাতা ছিলেন।’