বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে আইজেনকোটের জোটের দিকে ইউটিজে

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে আইজেনকোটের জোটের দিকে ইউটিজে

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে আইজেনকোটের জোটের দিকে ইউটিজে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে যাচ্ছে ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। এর পরিবর্তে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় এগোচ্ছে দলটি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি নেতানিয়াহু। দুই দফা চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলতে পারেননি তিনি।


পোরুশের কার্যালয়ের কর্মীরাও নেতানিয়াহুর সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিতে পারেননি। একইভাবে স্টার্কের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।


অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর অনুমতি পেতে ইউটিজের আইনপ্রণেতারা দলটির আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।


ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্র আলোচনার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা প্রত্যাশার চেয়েও বেশি এগিয়েছে। তবে এখনো কোনো আইনি কাঠামোর খসড়া তৈরি করা সম্ভব হয়নি।


হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।


প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা পুরোপুরি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের মতোই ব্যাপক ছাড় বহাল থাকতে পারে।


তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে আদালতে টেকসই হবে, এমন একটি আইনি কাঠামো তৈরি করাই আলোচনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।