ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে: পুতিন
রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের অব্যাহত হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সেখানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বক্তব্যে পুতিন এ হুঁশিয়ারি দেন। খবর আনাদোলু এজেন্সির।
পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি আহ্বানের পরও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করছে না। ইউক্রেনের কর্তৃপক্ষ কোনো পরামর্শই আমলে নিচ্ছে না। এ পরিস্থিতিতে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।
তিনি আরও বলেন, তেল শোধনাগার এবং সেখানে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের অতিরিক্ত পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।
রুশ প্রেসিডেন্টের দাবি, গত জুনের শুরুতে ইউক্রেন যে উত্তেজনা সৃষ্টি করেছিল, তা ৪০ দিন স্থায়ী করার পরিকল্পনা ছিল। তবে ওই হামলায় রাশিয়ার বড় ধরনের ক্ষতি করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে তেল শোধনাগারগুলোর নিরাপত্তা আরও জোরদার এবং কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন।