বিদেশি গোয়েন্দাদের কাছে গোপন তথ্য পাচার, চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড
বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য ও নথি পাচারের দায়ে এক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। বিদেশে কর্মরত অবস্থায় এক নারীর মাধ্যমে বিদেশি গোয়েন্দাদের নিয়োগপ্রাপ্ত হন ওই কর্মকর্তা। পরে দেশে ফিরে এসেও গোপনে গুরুত্বপূর্ণ নথি পাচার অব্যাহত রাখেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসন জানায়, দণ্ডিত ওই কর্মকর্তার নাম ‘মা’। বিদেশে কর্মরত থাকার সময় ‘কাইলিন’ নামের এক নারী তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
প্রথমে ওই নারী চীনা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করে কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের কথোপকথন রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে মোড় নেয়।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর কাইলিন ওই কর্মকর্তাকে বিদেশে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠানের জনবল ও কার্যক্রমসংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহে রাজি করান। পরে তাঁকে ওই নারীর অন্য সহকর্মীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
একপর্যায়ে কাইলিন ওই কর্মকর্তাকে জানিয়ে দেন, তাঁদের দেশের হয়ে গোয়েন্দা হিসেবে কাজ করতে রাজি না হলে চীনা সরকারের কাছে তাঁর কর্মকাণ্ডের তথ্য ফাঁস করে দেওয়া হবে। এরপর মা আনুগত্যের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানায়, দেশে ফিরে আসার পরও বিদেশি এজেন্টদের কাছে গোপন নথি পাঠানো অব্যাহত রাখেন ওই কর্মকর্তা। এর বিনিময়ে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পেতেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করলে অতিরিক্ত অর্থও দেওয়া হতো।
তদন্তে দেখা গেছে, গোয়েন্দা তৎপরতার বিনিময়ে এক লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ নিয়েছেন মা। এ সময় রাষ্ট্রীয় গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ নয়টি নথি এবং গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ আরও ২৬টি নথি পাচার করেন তিনি।
চীনের রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা প্রশাসন বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সামাজিক ও ব্যক্তিগত জীবনে সচেতন থাকা, কর্মক্ষেত্রের নিয়ম মেনে চলা এবং বিদেশি পক্ষের প্ররোচনা, নিয়ন্ত্রণ কিংবা অপব্যবহারের শিকার হওয়া থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।