বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ফ্রান্সের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে ইসলাম-অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

ফ্রান্সের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে ইসলাম-অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্রান্সের শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে ইসলাম-অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জন্য অনিয়ন্ত্রিত অভিবাসন ও ইসলামের প্রভাবকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেন, ফ্রান্সে চলমান পরিস্থিতি পুরোপুরি অনিয়ন্ত্রিত অভিবাসনের ফল। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নয়; তাঁর দাবি, ইসলাম ফ্রান্সের মতো একটি দেশকে দখল করে নেওয়ার চেষ্টা করছে।


ফ্রান্সে গত মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের দুরবস্থা এবং শিক্ষার্থীদের দীর্ঘ সময় স্কুলে অবস্থানসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। শুরুতে সুবিধাবঞ্চিত শহরতলিতে সীমাবদ্ধ থাকলেও পরে তা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।


বিক্ষোভে হাইস্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।


সরকারি তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী ও সাত শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।