বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স

দীর্ঘ সাত মাসের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।


বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে ইরানের নীতিনির্ধারণী কাঠামোয় চূড়ান্ত সিদ্ধান্ত আসলে কারা নিচ্ছেন, তা নিয়েও ওয়াশিংটনের সংশয় রয়েছে বলে জানান তিনি।


আলাস্কায় নির্বাচনি প্রচারণা শেষে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে ইরানকে ভবিষ্যতে দেওয়া আশ্বাসের পরিবর্তে বাস্তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রমাণ দিতে হবে।


তিনি প্রশ্ন তোলেন, পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রয়োজন কেন। তাঁর ভাষ্য, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই—এমনটা প্রমাণ করতে হলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা গুরুত্বপূর্ণ।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিক প্রস্তাবের আদান-প্রদান হয়েছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।


ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতার পথ খোলা রাখলেও শুধু মৌখিক আশ্বাসের ভিত্তিতে কোনো চুক্তি করবে না। এ ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট ছাড় দিতে হবে।


ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও ওয়াশিংটনের অনিশ্চয়তার কথা জানান ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তবে যুদ্ধের শুরুতে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির বর্তমান নেতৃত্বের ওপর তাদের দুজনের কতটা নিয়ন্ত্রণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।