শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি, যা বললেন কোহলি

আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি, যা বললেন কোহলি

favicon
ভোরের আলো ডেস্ক:
আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি, যা বললেন কোহলি

ভারতের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার বিনিময়ে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তার প্রতিনিধি দল এ দাবিকে সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে।


বুধবার (৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে কোহলির মুখপাত্র বলেন, কোনো আর্থিক সুবিধার বিনিময়ে নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস ও প্রেমানন্দ মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই কোহলি ওই আশ্রমে যান।


সম্প্রতি শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দীনেশ শর্মা, যিনি ফলাহারী মহারাজ নামে পরিচিত, দাবি করেন—প্রেমানন্দ মহারাজের আশ্রমে কোহলিকে নিয়ে যেতে ৫ কোটি রুপি ব্যয় করা হয়েছিল। তার দাবি, রাজস্থানভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান বা রিয়েল এস্টেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মহারাজের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে ওই সফরের আয়োজন ও অর্থায়ন করেছিলেন।


তবে ওই দাবির পক্ষে কোনো আর্থিক লেনদেনের নথি, চুক্তি বা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।


অভিযোগটি প্রকাশ্যে আসার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কোহলির প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়।


বিবৃতিতে বলা হয়, ফলাহারী মহারাজ দীনেশ শর্মার করা দাবিগুলো সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও তথ্যগতভাবে ভুল। কোহলি কেবল প্রেমানন্দ মহারাজের প্রতি বিশ্বাস ও ভক্তি থেকেই তার আশ্রমে যান। একই সঙ্গে কোনো অভিযোগ বা দাবি প্রকাশের আগে গণমাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়।


ভিরাট কোহলি ও তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, নিয়মিতই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের ‘রাধা কেলি কুঞ্জ’ আশ্রমে যান। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবার তারা সেখানে গিয়েছিলেন। এরপর বিভিন্ন সময় ওই আশ্রমে গিয়ে মহারাজের আশীর্বাদ নিয়েছেন তারকা দম্পতি।


এদিকে সম্প্রতি আশ্রম ভবনের চারতলা থেকে পড়ে রসিক দুলারি নামে এক ভক্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে মথুরা পুলিশ। গত ২৫ সেপ্টেম্বরের ওই ঘটনার পর আশ্রমকে ঘিরে আলোচনা ও নজরদারির মধ্যে কোহলিকে জড়িয়ে ৫ কোটি রুপির আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসে। তবে কোহলির পক্ষ থেকে তা সরাসরি অস্বীকার করা হয়েছে।