বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১ দশমিক ১১ ডলার। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৩৯ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত বাজারে তেলের দাম বাড়ার চাপ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালির পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।