সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা স্বাধীন সাংবাদিকতা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও জেলার সামাজিক উন্নয়ন নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি জেলাটিকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা ও সাফল্যের চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।