ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র কিনতে ব্যয় হবে ২১০ কোটি মার্কিন ডলার। ইউরোপ ও কানাডায় অবস্থিত ইউক্রেনের মিত্ররা এ ক্রয়ের সম্পূর্ণ অর্থায়ন করবে।
শনিবার (৩১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনুমোদিত ক্ষেপণাস্ত্রগুলো হলো পিএসি-৩ ইন্টারসেপ্টর। এসব ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় এই ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই বিক্রয় ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় জাম্পস্টার্ট কর্মসূচি এবং জাতীয় তহবিলের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র কেনার অর্থ পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদানও ব্যবহার করা হবে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও বিভিন্ন শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চাহিদা দীর্ঘদিন ধরেই রয়েছে। নতুন এই বিক্রির ফলে ইউক্রেনের প্রতিরক্ষাসক্ষমতা আরও জোরদার হতে পারে।