মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১
#রাজধানীর মিরপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির একজন ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি।