বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধের কারণেই মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই পরিস্থিতি আবার তৈরি হলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তই নিতেন বলে জানিয়েছেন তিনি।


মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের বলরুম নির্মাণকাজের স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প।


এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় হয়েছে। ভ্যান্সের বক্তব্যের সঙ্গে তিনি একমত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাঁর বক্তব্য অনেকাংশেই সত্য। কারণ, স্বল্পমেয়াদে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম কিছুটা বেড়েছে।


তবে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলে জানান ট্রাম্প। তিনি বলেন, একই পরিস্থিতিতে আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলেও তিনি একই পদক্ষেপ নিতেন। তাঁর মতে, দীর্ঘমেয়াদে এটিই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।


এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প।


হেগসেথকে দায়িত্ব থেকে সরানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি খুব ভালো কাজ করছেন।