বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের তেল পরিবহন ও বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।


মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তি। এ ছাড়া শর্মার সঙ্গে সম্পর্কিত নয়টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, সুনীল কুমার শর্মার নেতৃত্বাধীন একটি নেটওয়ার্ক ইরানের তেল পরিবহনে ব্যবহৃত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে ভুয়া পতাকা ও জাল নৌযান সনদ সরবরাহ করেছে। এসব জাহাজের কয়েকটি ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের হয়ে পরিচালিত হতো বলে দাবি করেছে ওয়াশিংটন।


অন্যদিকে, ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত কয়েকটি ইরানি বিমান সংস্থাকে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিল বলে অভিযোগ মার্কিন প্রশাসনের।


এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরান সরকারকে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।


ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের তেল বিক্রির সক্ষমতা কমিয়ে দেশটির যুদ্ধের অর্থায়নের পথ বন্ধ করা।


এর আগে গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়েছে। দেশটির মুদ্রা রিয়ালের মূল্য নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি।