বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল সিরিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে সিরিয়া। একই সঙ্গে দেশটির জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার চুক্তি করেছে রিয়াদ।


বুধবার (৪ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।


সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটিকে দুই দেশের মধ্যে সই হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত বা বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।


রিয়াদে বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বৈঠকে সামরিক উত্তেজনা, আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির পরিস্থিতি গুরুত্ব পায়।


এ সময় আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান দুই নেতা। পাশাপাশি লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করে—এমন কর্মকাণ্ড বন্ধের ওপর জোর দেন তাঁরা।


এর আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দামেস্ক।


গত শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনের মানামা ডায়ালগ সম্মেলনে তিনি বলেন, মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে।