মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শামা ওবায়েদ
মানবপাচারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শুধু দেশের অভ্যন্তরেই নয়, যেসব দেশে মানবপাচার করা হয়, সেসব দেশের সঙ্গেও আলোচনা করে পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তিতাসের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।