রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বিবিএসের কাজকে গণতন্ত্রীকরণ করাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

বিবিএসের কাজকে গণতন্ত্রীকরণ করাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
বিবিএসের কাজকে গণতন্ত্রীকরণ করাই মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যক্রমকে গণতন্ত্রীকরণ করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিবিএসের কার্যক্রমকে আরও গণমুখী, জনমুখী, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, পরিমাপযোগ্য ও স্বচ্ছ করার লক্ষ্যে সবার মতামত নেওয়া হচ্ছে।


রোববার (৮ নভেম্বর) সকালে পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, তথ্য ও পরিসংখ্যানের ওপর জনগণের আস্থার অভাব থাকার কোনো কারণ নেই। যেসব তথ্য পরিমাপযোগ্য নয় এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, সেসব তথ্যের ভিত্তিতে কোনো কাজ করা সম্ভব নয়। কোনো সরকার তথ্য নিয়ে কারসাজি করলে তা নিজের সঙ্গে প্রতারণার শামিল।


তিনি আরও বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণ জরুরি। রাজনীতির গণতন্ত্রীকরণের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও অর্থনীতির গণতন্ত্রীকরণ না হলে রাজনৈতিক গণতন্ত্রীকরণ কখনো কার্যকর হবে না।


ফরেনসিক অডিট প্রসঙ্গে আমির খসরু বলেন, এই অডিট করার একমাত্র উদ্দেশ্য কোনো বিগত সরকারের দোষত্রুটি খুঁজে বের করা নয়।


তিনি বলেন, কোনো সরকার, কোম্পানি, ব্যক্তি কিংবা গবেষকের হাতে তথ্য-উপাত্ত না থাকলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এ কারণেই তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।


আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, পরিসংখ্যান ব্যুরোর প্রথম কাজ হলো তথ্যের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা। তথ্যের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছানো সরকারের অঙ্গীকার এবং একই সঙ্গে বড় চ্যালেঞ্জ।


তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে ভুল তথ্য প্রকাশের কারণে পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা কমে গেছে। ওই সময়ে প্রকাশিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে নানা ফাঁকফোকর ও অসংগতি ছিল। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, তথ্যের কোনো বিকৃতি যেন না ঘটে। কারণ, তথ্য বিকৃত হলে সরকারের পরিকল্পনা ব্যাহত হয়।


অন্যদিকে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গত ১৭ বছর ছিল বয়ান তৈরির মহোৎসব। মানুষকে কীভাবে ধোঁকা দিতে হয়, পরিসংখ্যান ছিল তার একটি হাতিয়ার।


তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে পরিসংখ্যানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অতীতে সামাজিক উন্নয়ন কর্মসূচিতেও পরিসংখ্যানগত অনিয়ম ছিল। ফলে যাঁদের এসব সুবিধা পাওয়ার কথা, তাঁরা তা পেতেন না।