নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে: আইনমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিত করেই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব অধিকার যেন তারা নির্ভয়ে ও নিঃশঙ্কচিত্তে ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করা প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কৌশল নির্ধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আয়োজিত জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ৪ কোটি ১৬ লাখ শরণার্থী রয়েছে। অন্যদিকে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সংকট মোকাবিলা করতে হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন ৮২ থেকে ৯০টি শিশুর জন্ম হচ্ছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়টি বাদ দিলেও ক্যাম্পগুলোতে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে। এ অবস্থায় বাংলাদেশের সামনে মানবিক বিবেচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতীয় নীতিমালা কমিটির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে এ সংকট মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য একটি যৌক্তিক পরিণতি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের নয়, বরং মিয়ানমারের সমস্যা হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ সংকটের সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।