শাহজালাল বিমানবন্দরে ৯০টি ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। গত শুক্র ও শনিবার (৬ ও ৭ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তাঁর ব্যাগ থেকে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার একটি এন্ট্রি রয়েছে। একই বছরে আবারও ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়েছে।
অন্যদিকে, গত ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যাত্রীদের ব্যাগেজে ই-সিগারেট ও ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।