ইরান যুদ্ধ শেষের পথে, তবে নৌ অবরোধ বহাল রাখবে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাত বন্ধের বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা।
সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ। আমরা এখনকার পরিস্থিতি বজায় রাখছি। মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটা করছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলোচনায় অগ্রগতির কথা জানান কাতারের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে যুদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত রাখার অর্থ হিসেবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যক্রমও চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকুক।
এদিকে, প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা খুব বেশি মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত।
ট্রাম্পের দাবি, ইরানের সম্ভাব্য হুমকি থেকে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত। একই সঙ্গে চলমান সংঘাতের অবসানের দিকেও অগ্রগতি হচ্ছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি, এই সংঘাতের অবসান খুব শিগগিরই হতে যাচ্ছে।’
অন্যদিকে, ট্রাম্পের সর্বশেষ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। কিন্তু ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।
তিনি আরও বলেন, ‘কার্ড গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। চলমান অবস্থাকে তিনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন।