নির্বাচনে ধাক্কার পরও পিছু হটছেন না ট্রাম্প, ওয়াশিংটনে নতুন রাজনৈতিক সংঘাতের আভাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবির। এই নির্বাচন সরাসরি প্রেসিডেন্টের পদ নির্ধারণ না করলেও ট্রাম্প প্রশাসনের দুই বছরের কর্মকাণ্ডের ওপর জনমতের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ট্রাম্পের নীতির প্রতি মার্কিন জনগণের প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
নির্বাচনের পরপরই ট্রাম্পের বক্তব্যে কিছুটা নমনীয়তা দেখা গেলেও সময়ের সঙ্গে তার অবস্থান আবারও কঠোর হচ্ছে। বরং নির্বাচনী ধাক্কার পর প্রশাসনের ক্ষমতা আরও জোরালোভাবে ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের ঘনিষ্ঠ ও কঠোর অভিবাসননীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারের পদোন্নতি।
হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্বে মিলারের এই নিয়োগকে প্রশাসনের আগ্রাসী রাজনৈতিক অবস্থান অব্যাহত রাখার বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডেমোক্র্যাটদের সঙ্গে সংঘাতের প্রস্তুতি
নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে কংগ্রেসের নতুন ক্ষমতার ভারসাম্য। ডেমোক্র্যাটরা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত ও তদারকির প্রস্তুতি নিচ্ছেন। এ পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাঞ্চ বলেন, যেসব ডেমোক্র্যাট প্রশাসনের বিরুদ্ধে তদন্তে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের পরিকল্পনা করছেন, তাদের সতর্ক হওয়া উচিত। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে ডেমোক্র্যাটদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ব্ল্যাঞ্চের বক্তব্যের জবাবে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া বলেন, প্রশাসনের ওপর নজরদারি করা কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব। কোনো ধরনের হুমকিতে ডেমোক্র্যাটরা সেই দায়িত্ব থেকে সরে আসবেন না।
গার্সিয়ার অভিযোগ, বিচার বিভাগকে ব্যবহার করে কংগ্রেসের তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রশাসনের কর্মকাণ্ডের যথাযথ তদারকি করা থেকে তাদের বিরত রাখতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে।
হেগসেথকে ঘিরে নতুন বিতর্ক
এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ঘিরে রিপাবলিকান শিবিরের মধ্যেই নতুন বিরোধ তৈরি হয়েছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি চলতি সপ্তাহে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা করছেন।
ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। এমনকি রিপাবলিকান দলের কিছু সদস্যও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এখন পর্যন্ত হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন ট্রাম্প। গত সপ্তাহে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী খুব ভালো কাজ করছেন।
অন্যদিকে, নিজের পদ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় হয়েছেন হেগসেথ। স্টিফেন মিলারের পদোন্নতির পর তিনি তাকে প্রেসিডেন্টের রাজনৈতিক লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করেন।
হেগসেথের বিরুদ্ধে সম্ভাব্য অভিশংসন উদ্যোগ এমন সময়ে আসছে, যখন বিদায়ী কংগ্রেসকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি কার্যক্রম সচল রাখতে অর্থায়ন বিল পাস করতে হবে। এ বিতর্কের প্রভাব গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যয় বিলের ওপরও পড়তে পারে।
রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান
নির্বাচনের পর ট্রাম্পের বক্তব্যেও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কঠোর মনোভাব স্পষ্ট হয়েছে। সম্প্রতি সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি কখনো নিজের রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত তিনি তা পারবেন না। কারণ, তার কিছু শত্রুকে তিনি সত্যিই ঘৃণা করেন এবং সব সময় ঘৃণা করবেন।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রিপাবলিকান নেতা ও দাতাদের হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগ তোলেন তিনি। এ ঘটনায় বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দেওয়ার কথাও জানান ট্রাম্প।
অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে সহযোগিতা করার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তার তদন্তের আওতায় রয়েছে ক্রিপ্টোকারেন্সি, প্রশাসনের সম্ভাব্য স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড, জাতীয় নিরাপত্তা, অভিবাসন কর্মকর্তাদের অনিয়ম, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।
ব্লুমেনথাল জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে তদন্তে প্রয়োজনীয় তথ্য না পাওয়া গেলে নতুন কংগ্রেস আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।
নির্বাচনী পরাজয়ের কারণ নিয়ে প্রশ্ন
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে একাধিক কারণ কাজ করেছে। এর মধ্যে রয়েছে ইরান যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য এবং অভিবাসনবিরোধী কঠোর অভিযান।
এ ছাড়া ট্রাম্প দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন—এমন ধারণাও ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
তবে নির্বাচনী বিপর্যয়ের পর প্রশাসনের অবস্থানে বড় ধরনের পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বক্তব্য আরও কঠোর হয়ে উঠছে।
গত শুক্রবার মার-এ-লাগোতে ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করে স্টিফেন মিলার বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট না থাকলে যুক্তরাষ্ট্রের অস্তিত্বই আজ হুমকির মুখে পড়ত।
অন্যদিকে, নিজের পদ ধরে রাখার প্রচেষ্টায় হেগসেথ দেশের ভেতরের ও বাইরের শত্রুদের বিরুদ্ধে প্রজাতন্ত্রকে রক্ষার অঙ্গীকার করেছেন।
নতুন রাজনৈতিক বাস্তবতায় বাড়ছে উদ্বেগ
কানসাসে চমকপ্রদ জয় পাওয়া নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম হ্যামিল্টন ট্রাম্প প্রশাসনের নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্টিফেন মিলারের পদোন্নতিকে তিনি ভুল নীতিতে আরও বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। সিএনএনকে তিনি বলেন, সাধারণত রিপাবলিকান-সমর্থিত রাজ্য কানসাসের মানুষও প্রশাসনের বর্তমান অবস্থানকে সমর্থন করছেন না।
সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে ডেমোক্র্যাটরা প্রশাসনের ওপর কঠোর নজরদারির প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে ট্রাম্প প্রশাসনও নির্বাহী ক্ষমতা ব্যবহারে আরও কঠোর অবস্থান নিতে পারে।
এ পরিস্থিতি ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের পথ তৈরি করতে পারে।