যুদ্ধ শেষে ভিন্ন রূপে আবির্ভূত হবে ইউক্রেন, ইঙ্গিত ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান হলে ইউক্রেনের বর্তমান চিত্রে পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, শিগগিরই এই সংঘাতের অবসান ঘটতে পারে।
রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে ওয়াশিংটন। তার বিশ্বাস, শেষ পর্যন্ত একটি চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে। তবে সেই চুক্তির ফলে ইউক্রেনের বর্তমান আকৃতি বা ভূখণ্ডগত অবস্থানে কিছুটা পরিবর্তন আসতে পারে।
শান্তি আলোচনা জটিল হয়ে ওঠার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার উত্তেজনাকে দায়ী করেন ট্রাম্প।
তিনি আরও দাবি করেন, যুদ্ধের অবসান ঘটানোর পেছনে তার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংঘাত বন্ধের উদ্যোগে নিজের অবদান তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের অবসানের পেছনে একমাত্র কারণ তিনি।
এ সময় রাশিয়ার বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। নিষেধাজ্ঞা ও বাণিজ্যনীতির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রতি তার চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেয়নি।
তবে সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইউক্রেনের ভবিষ্যৎ সীমান্ত, ভূখণ্ড কিংবা সমঝোতার সুনির্দিষ্ট শর্ত নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত কিছু জানাননি তিনি।