ট্রাম্পের পোস্টে মোদির প্রশংসা, মাসে ৭৫ হাজার ডলার দিয়েছে ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দেওয়া প্রশংসাসূচক পোস্টের পেছনে কাজ করেছে একটি মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান। এ কাজের জন্য প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার করে দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের বিদেশি প্রতিনিধিদের নিবন্ধনসংক্রান্ত আইন (ফারা) অনুযায়ী জমা দেওয়া নথিতে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত জুনে মোদিকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে ট্রাম্পের একটি পোস্ট প্রকাশের ব্যবস্থা করেছিল তারা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত সরকার মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়।
মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন ব্যক্তি। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে কাজ করেছেন।
ফারার আওতায় জমা দেওয়া নথিতে মার্কারি জানিয়েছে, জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি পোস্ট প্রকাশের উদ্যোগ নেয় তারা। ওই পোস্টে মোদিকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের প্রতিষ্ঠানও ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় পক্ষের আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল তারা।
প্রতিষ্ঠানটির ফারা-সংক্রান্ত সর্বশেষ নথিতে এসব যোগাযোগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনালাপগুলোর মূল আলোচ্য বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হয়।
ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি অনুযায়ী, প্রতি মাসে দেড় লাখ ডলার পারিশ্রমিক পাওয়ার কথা ছিল এসএইচডব্লিউ পার্টনার্সের।
চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ, কার্যকর পরিকল্পনা তৈরি এবং সরকারি পর্যায়ে যোগাযোগে সহায়তা দেওয়ার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির। এ জন্য মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল।
নথিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে গত মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের ফোনালাপের ব্যবস্থা করে।
এসব কর্মকর্তার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।
রুবিওর ভারত সফরের পর জুন মাসেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করা হয়। ওই সময় ভারতীয় প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ কার্যালয়ের পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ফারা অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিনিধিদের নির্দিষ্ট সময় পরপর তাদের মক্কেলের সঙ্গে সম্পর্ক, সম্পাদিত কাজ এবং প্রাপ্ত পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।
বিদেশি সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ ও প্রভাব বিস্তারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই এ আইনের মূল উদ্দেশ্য।