ইরাকের কুর্দিস্তানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে অঞ্চলটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে গ্যাসক্ষেত্রটির একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানে। এতে শক্তিশালী বিস্ফোরণের পর ট্যাংকটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে, খোরমোর গ্যাসক্ষেত্রে হামলার কারণে ইরাকের জাতীয় বিদ্যুৎ গ্রিডে উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যেতে পারে। ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা রয়েছে।