সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত লাখো মানুষ। আশ্রয়শিবিরের হাজার হাজার তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে ভিজে গেছে বিছানা, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী। নষ্ট হয়েছে অনেক পরিবারের সংরক্ষণ করে রাখা সামান্য খাবারও। এতে ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়ে থাকা মানুষদের সংকট আরও বেড়েছে।


শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে বৃষ্টির পানি ঢুকতে শুরু করে। গাজাজুড়ে ভারী বৃষ্টির মধ্যে ঘুম ভেঙে যায় সত্তরোর্ধ্ব জাবের ও তার পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যেই তাঁবুর মেঝে পানিতে তলিয়ে যায়। ভিজে নষ্ট হয় তাদের ব্যবহৃত গদি, কার্পেট, কম্বল ও কষ্টে সংগ্রহ করা খাবার।


আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাবের জানান, পানি ঢোকার পর পরিবারের কেউ আর ঘুমাতে পারেননি। সবাই রাত জেগে ছিলেন। পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে ক্ষয়ক্ষতির খবর নিচ্ছিলেন এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।


আশ্রয়শিবিরের বাইরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পুরো এলাকাটি যেন সুইমিং পুলে পরিণত হয়েছে। অথচ সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।


গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। এসব তাঁবুতে পানি ঢুকে পড়ায় আশ্রিত পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


এদিকে, আরও বৃষ্টিপাত হলে যেসব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা রয়েছে, সেগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব এলাকায় লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছেন। ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।


দীর্ঘদিনের সংঘাতে ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য শীত ও বৃষ্টিপাত নতুন সংকট তৈরি করেছে। পর্যাপ্ত আশ্রয়, শুকনো খাবার ও নিরাপদ পরিবেশের অভাবে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বাড়ছে। ফলে গাজায় বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট ক্রমেই জটিল হয়ে উঠছে।