ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে আলোচনার ক্ষেত্রে তেহরানের উত্থাপিত দাবিগুলোকে ‘সম্পূর্ণ অবাস্তব’ বলে মন্তব্য করেছেন তিনি।
প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ইরানের সঙ্গে কূটনীতির পথ খোলা রাখতে ওয়াশিংটন প্রস্তুত। তবে দেশটির বর্তমান দাবিগুলো গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র আশা করছে, ইরান তাদের অবস্থান পরিবর্তন করবে। এমনটি হলে কূটনৈতিক আলোচনায় বসতে কোনো আপত্তি নেই।
তিনি আরও বলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন হবে না।
প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আগামী দিনে আরও কঠোর হবে।
রুবিওর বক্তব্য অনুযায়ী, অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হলে সামরিক পদক্ষেপের পরিবর্তে সেই পথেই এগোতে চায় ওয়াশিংটন। তবে কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে নিজেদের অবস্থানে পরিবর্তন আনতে হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।