রাজনৈতিক হয়রানির মামলা আবেদন করলে প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়রানিমূলক যেসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, সেগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হলে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
মো. আসাদুজ্জামান বলেন, জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে তা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করা হয়।
তিনি আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বয়ের জন্য একই বছরের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
এদিকে সংসদে অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বিগত সময়ে সরকারি নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়।