আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ, ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশ উগ্র ডানপন্থী ইসরাইলি। ইয়াসার দলের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাব্য উদ্যোগের প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের আশঙ্কা, সন্ত্রাসের সমর্থক হিসেবে আখ্যায়িত আরব দলগুলোর সহযোগিতায় সরকার গঠিত হলে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে নেসেটের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আরিয়েল ও ডানপন্থী সংগঠন ‘ইম তিরতু’ আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমরা একটি ইহুদি রাষ্ট্র চাই’ এবং ‘সন্ত্রাসীদের নিয়ে কোনো সরকার গঠন করা যাবে না’—এমন স্লোগান দেন। তাদের দাবি, জয়েন্ট লিস্ট ও রাম-এর মতো আরব দলগুলোর সমর্থনে গঠিত যেকোনো সরকার হবে অবৈধ এবং ইসরাইলের ইহুদি চরিত্রের পরিপন্থী।
বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দল তাদের সন্তানদের ওপর গুলি চালানো গোষ্ঠীগুলোকে সমর্থন করে, তাদের ভোটে সরকার গঠিত হলে রাজপথে সরাসরি গৃহযুদ্ধ শুরু হতে পারে।
অন্যদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নেসেটে দেওয়া ভাষণে আরব দলগুলোকে ‘সন্ত্রাসের সমর্থক’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে এসব দলকে সরকার গঠনের প্রক্রিয়ার বাইরে রাখার আহ্বান জানান তিনি। তবে জয়েন্ট লিস্ট ও রাম নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমদ তিবি এবং রাম দলের নেতারা পাল্টা জবাবে বলেন, ডানপন্থী নেতা ইতামার বেন গভির নিজেই একমাত্র সাজাপ্রাপ্ত সন্ত্রাসের সমর্থক। তাই তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বর্তমানে প্রেসিডেন্ট আইজাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন। তবে সরকার গঠনের পথ বেশ কঠিন বলে মনে করা হচ্ছে। জয়েন্ট লিস্ট ও রাম-এর ১৯ জন সংসদ সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া আইজেনকোটের জোটের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয়।
অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়েও আইজেনকোটের নিজস্ব রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র বিরোধিতা রয়েছে। সব মিলিয়ে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে ইসরাইলের রাজনীতিতে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল