বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › দুই বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট, লেখা ‘১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’

দুই বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট, লেখা ‘১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট, লেখা ‘১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনির (৪০) নামে দুই ব্যক্তির বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পাওয়া যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।


বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’


অন্যদিকে মনিরুজ্জামান মনিরের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’


ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনা দুটি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।