বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ঝিনাইদহে ক্লিনিকে ঢুকে মালিকসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহে ক্লিনিকে ঢুকে মালিকসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝিনাইদহে ক্লিনিকে ঢুকে মালিকসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ক্লিনিকে ঢুকে মালিকসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগির হাট এলাকার আনচার ক্লিনিকে এ ঘটনা ঘটে।


হামলায় আহতরা হলেন আনচার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌর এলাকার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক এবং মাহবুবুর রহমান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মুরগির হাট এলাকায় জ্যোতি নামের এক ব্যক্তি ও তুহিন নামের আরেক ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্লিনিক মালিক আলমগীর হোসেন।


অভিযোগ অনুযায়ী, পরে জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস কয়েকজনকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জন নেতাকর্মী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা তিনজনকে মারধর ও কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


আহত ক্লিনিক মালিক আলমগীর হোসেন বলেন, তিনি ক্লিনিকের সামনের একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় দুই যুবকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তিনি উভয় পক্ষকে আলাদা করে দেন। পরে জামায়াত নেতা নাজিম এসে ফোন করে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।


এ বিষয়ে জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আহত তিনজন থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।