সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোরে এক তরুণী সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ আলীর বয়স ৩০ বছর। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
পলাশ আলীর বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পলাশকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করেন। একই সংস্থার এক কর্মী তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযোগে বলা হয়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই তরুণী কিস্তির টাকা আদায় শেষে ফিরছিলেন। এ সময় পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।
তবে পলাশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে এনসিপির তানোর উপজেলা শাখা। শাখাটির সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেন, মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ ওই সংস্থায় কাজ করতেন। সেখানে পুরোনো কোনো বিরোধের জেরে তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করা হবে বলেও জানান মোরশেদ আলী।
এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, তানোর উপজেলা কমিটি সম্পর্কে তাঁর বিস্তারিত জানা নেই। বিষয়টি জানার পর উপজেলার দায়িত্বশীলদের অবহিত করা হয়েছে। তাঁদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নাহিদুল ইসলাম।