বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, ছাগল পুড়ে মৃত্যু

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, ছাগল পুড়ে মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, ছাগল পুড়ে মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আগুনে পুড়ে একটি ছাগলের মৃত্যু হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।


পোস্টে তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। আগুনের পথ পাড়ি দিয়েই নিজের কাজ চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।


তবে নুসরাত তাবাসসুমের পেট্রোল বোমা হামলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একটি ছাগল পুড়ে মারা গেছে।


অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেটি মূলত নুসরাত তাবাসসুমের দাদার একটি পরিত্যক্ত বাড়ি।


তবে বাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ কী এবং সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।