সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা
প্রায় ৬ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্কর এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলা দুটি করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো করা হয়েছে। পরে মামলার নথি ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, তুহিন লস্কর ও তার স্ত্রী সম্পদের হিসাব জমা দেওয়ার সময় ব্যক্তিগত ঋণের তথ্য উল্লেখ করেছিলেন। তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীন ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণ নেওয়ার কথা জানান। তবে দুদকের অনুসন্ধানে এসব ঋণের বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন। অনুসন্ধানে তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে পাওয়া সম্পদের সঙ্গে তাদের দাখিল করা সম্পদ বিবরণীর ব্যাপক অসংগতি ধরা পড়ে। পরে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ সম্পদ বিবরণী যাচাই করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর বুধবার মামলা দুটি করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চাকরিজীবনে দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
তুহিন লস্করের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে। তার স্ত্রী জামিলা পারভীনের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ভাঙ্গাগেট গ্রামে। দুজন বর্তমানে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করেন বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা ও দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দা বলেন, প্রাথমিক অনুসন্ধানে তুহিন লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলা করা হয়েছে। তদন্ত শেষে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।