কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসকের
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী শুভ ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। শনিবার বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ইজিবাইকটি সড়কের পাশে পড়ে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইজিবাইকচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।