বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

favicon
ভোরের আলো ডেস্ক:
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর তিন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চারজন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।


আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নেন। পরে তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।


এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ঘটনার দিনই ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আজিজ মোল্লার ছেলে এমরান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ.ম. নুরতাজ আলম বাহার জানান, এ মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।