শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
পোশাকশ্রমিকদের অসন্তোষ ও সংঘর্ষের ঘটনার পর রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকালের সংঘর্ষের পর কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিলেও জীবিকার তাগিদে ভোর থেকেই কারখানামুখী হয়েছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অনিশ্চয়তার মধ্যেও কাজে ফিরতে শুরু করেছেন তারা।
সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে শ্রমিকদের চলাচল লক্ষ্য করা গেছে। কিছু কিছু কারখানায় ইতোমধ্যে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
শ্রমিকদের মধ্যে নতুন করে যাতে কোনো ধরনের উত্তেজনা বা অসন্তোষ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।