শ্রমিক অসন্তোষ: ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
শিল্পাঞ্চলে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। এসব যানবাহন জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।
পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি ও সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।