কটিয়াদীতে জামায়াত নেতার ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গচিহাটা এলাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় শাহরিয়ার জামান রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে কয়েকজনের সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিরা মাদকসেবী বলে পরিচিত। একপর্যায়ে তাঁদের একজনকে চড়-থাপ্পড় মারেন রানা।
এর জের ধরে তাঁর ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।