৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে ‘এমভি বারো আউলিয়া’
নানা জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে যাত্রা করেছে ‘এমভি বারো আউলিয়া’।
সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের জেটিঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটক পরিবহনের জন্য প্রস্তুত থাকা অন্য দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল শুক্রবার থেকে যাত্রা শুরু করবে।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, সরকারি বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছ থেকে জাহাজ চলাচলের সম্মতি পাওয়া যায়।
অনুমোদন অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন।
দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে।