শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই ফিরতে হবে। তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কোটি কোটি ডলার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হুমকি দিয়ে ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলছেন। কিন্তু এখনো তিনি দেশে ফিরছেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে না ফিরলে সরকারই তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ওই সময় আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ, অস্থিরতা ও বিভাজন দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।
জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিভাজনের রাজনীতির পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। দেশের সংকটময় সময়ে তিনি ও তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সংকটে জিয়া পরিবার বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাদের নেত্রী নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা এবং গুম করে দেশ ছেড়ে পালিয়েছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অপরাধের অভিযোগের বিচার করা হবে।
তিনি বলেন, কোনোভাবেই এসব অভিযোগের বিচার থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।