সুন্দরবনের দুবলার চরে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
সুন্দরবন ভ্রমণে গিয়ে বাগেরহাটের দুবলার চরে নিখোঁজ হয়েছেন রিয়াজ আহমেদ (২৭) নামে এক পর্যটক। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে বন বিভাগ।
নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব জমা দেন রিয়াজ। তাঁদের দলে মোট চারজন ছিলেন। এ ছাড়া পর্যটকবাহী বোটটিতে নরসিংদীর নয়জন, ময়মনসিংহের নয়জন এবং গাজীপুরের একজনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।
গত ৫ নভেম্বর মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২ নামের পর্যটকবাহী বোটটি সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। বোটটির বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। এ সময় বোটে থাকা কয়েকজন পর্যটক সেটি ছাড়ানোর জন্য পানিতে নেমে ধাক্কা দিতে থাকেন। পরে ব্যর্থ হয়ে তাঁদের অনেকে আবার বোটে উঠে আসেন। ঠিক সেই সময় ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান।
তিনি আরও জানান, ভেসে যাওয়া চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে রিয়াজ আহমেদের সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।