কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। কারাগারের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি ফাঁস দেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।